মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেশিন লার্নিং, বিগ ডাটা এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ টি এম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো: জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বর্তমান সময় অত্যন্ত প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। বিজ্ঞানের উদ্ভাবন এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের প্রচলিত ও ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা করছে। তিনি বলেন, এআই প্রযুক্তির ব্যবহারের সঙ্গে একজন শিক্ষার্থী নিজেকে সম্পৃক্ত করতে না পারলে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। উপাচার্য আরও বলেন, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি বৈশ্বিক পরিসরেও শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের বিভিন্ন পথ উন্মুক্ত করে দিতে হবে, যাতে তারা নিজেদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে। উপাচার্য আশা প্রকাশ করে বলেন, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পরে তিনি কর্মশালাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
*****
তারেক মাহমুদ হোসেন
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman