প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মরণে মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি উদ্বোধন
হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস উপাচার্যের
**
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণ এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে ‘আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি’। এ সময় তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২৩০ নম্বর কক্ষে সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়।
সমাজ কল্যাণ বিভাগের সভাপতি প্রফেসর ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন এবং প্রফেসর ড. মো. ইদ্রিস আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াত শিক্ষকের স্মৃতিকে অম্লান রাখতে এমন উদ্যোগ গ্রহণ করায় সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপের বিষয়ে উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত হত্যাকারীর বিরুদ্ধে সিন্ডিকেট ইতোমধ্যে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের আর্থিক অনিয়ম উদ্ঘাটন এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচারপ্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে উপাচার্য বলেন, “গতকালকেও আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করি, খুব শিগগিরই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। একজন শিক্ষক ও সহকর্মী হিসেবে আমি প্রত্যাশা করি, অপরাধীর চরম এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।” অনুষ্ঠানে সমাজ কল্যাণ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. মো. আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Ama