ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ আগামী ২২ নভেম্বর বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের অফিসপ্রধানদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উদযাপন কমিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য-সচিব মোঃ আলিমুজ্জামান (টুটুল) উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রতিটি বিভাগ ও হলকে নিজস্ব পরিকল্পনায় স্বল্প ব্যয়ে আকর্ষণীয়ভাবে র্যালি ও প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে আরও বর্ণিল করে তুলতে বেলুন ও ফুলের ব্যবহার, পর্যাপ্ত ক্যাপ বিতরণ, কেক কাটা এবং সড়কে আলপনা অঙ্কনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ সময় ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত ডিনবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের অফিসপ্রধানরা তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত সবার পারস্পরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে।
****
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. মো. আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Aman