ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট হস্তান্তর--- বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার রূপরেখা প্রতিফলিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসন ভবনে এ বাজেট হস্তান্তর করা হয়। এ সময় ট্রেজারার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে দীর্ঘ পরিশ্রম, সুপরিকল্পনা এবং বাস্তব চাহিদার আলোকে প্রস্তাবিত বাজেট প্রস্তুত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে। বাজেট হস্তান্তর অনুষ্ঠানে হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আনার পাশা, সাবেক ভারপ্রাপ্ত পরিচালক শেখ মো: জাকির হোসেন এবং উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
****
Edited by: Dr. Amanur Aman
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ছবি : শেখ আবু সিদ্দিক রোকন