জাপানি শিক্ষা ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে ভাইস চ্যান্সলেরর বৈঠক, নতুন সহযোগিতার সম্ভাবনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণায় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানের শিক্ষা ও শিল্পখাতের প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এ বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশগ্রহণ করেন জাপানের জেনমিরাই এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসুহিরু কাওয়ামোতো, আইইএস ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সিইও সেইজি ইশিমোতো এবং ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. জিয়াউল করিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ চালুর সম্ভাবনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২+২ ক্রেডিট ট্রান্সফার (কলাবোরেশন) প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা এবং শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জাপানের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি একাডেমিক ও পেশাগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মতবিনিময় হয়। বৈঠকের শেষে উভয় পক্ষ সার্বিক বিষয় নিয়ে সরাসরি ও চূড়ান্ত আলোচনার জন্য জাপানি প্রতিনিধিদলের ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের বিষয়ে একমত পোষণ করে। এ লক্ষ্যে আগামী আগস্ট মাসে জাপানি প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত সহযোগিতাগুলো বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, শিক্ষার্থী বিনিময়, উচ্চশিক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
*****
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস