কুষ্টিয়ায় গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন- বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি ভাইস চ্যান্সেলরের
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া”র আয়োজনে কুষ্টিয়ায় এক আলোচনা সভা ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন “গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া”র প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মুঈদ বাবুল। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নির্মাণের ভিত্তি গড়ে তোলে।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি সময়োপযোগী উদ্যোগ। এই কর্মসূচির সফল বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।” বক্তারা জানান, বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজ নগর ও গ্রাম গড়ে তোলার প্রত্যয়ে একমত পোষণ করেন। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন পরিবেশবান্ধব সমাজ গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সংগঠনের কর্মীদের নিয়ে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
*****
তথ্য প্রকাশনা জনসংযোগ অফিস