মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা, দেশপ্রেম এবং উন্নয়নমুখী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা, সংস্কৃতি ও পাঠাভ্যাসভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
***
তথ্য প্রকাশনীয় জনসংযোগ অফিস